তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০৫:২৭ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
 

শনিবার ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
 

বিজিবি সূত্র জানায়, তেলিয়াপাড়া চা-বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় হঠাৎ উচ্চক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়।
 

এ সময় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হলে বিজিবি তা প্রতিহত করে। অভিযানে স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
 

এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনার পর বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।