নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ভেড়ামারা এলাকার ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
রেস্টুরেন্টে অগ্নিসংযোগ: > অভিযুক্ত আমির উদ্দিনকে পুলিশ আটক করার পর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা ওই চাইনিজ রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতার সাথে কাজ করেছে। অভিযুক্তকে উদ্ধার করে ইতিমধ্যে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার (মেডিকেল) জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, "এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।