মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৯:১৫ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
 

রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এবং উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সরোয়ার লিমন।
 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এবং তথ্য আপা দিপা খাতুনসহ অন্যান্যরা।
 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দেশীয় ফল পুষ্টির অন্যতম প্রধান উৎস। ফলের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। পাশাপাশি বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলের গাছ রোপণের মাধ্যমে পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
 

আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন দেশীয় ফলের স্টল ঘুরে দেখেন। মেলায় স্থানীয় ফলচাষি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।