হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ   |   ২১৭ বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দেশে হামের প্রকোপ থামছে না কোনোভাবেই। প্রতিদিনই কোমলমতি শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে সংক্রামক রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর।

একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের শরীরে।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়কালে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন।