দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে কারাবন্দি আইয়ুব বাবুলের মা আনজুমান আরা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সোমবার (২২ জুন) দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কারাগারে থাকা আইয়ুব বাবুল জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যারোলে সাময়িক মুক্তির আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর তিনি প্যারোলে মুক্তি লাভ করেন এবং মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান।
সোমবার রাত সাড়ে ৯টায় পটিয়া আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে আইয়ুব বাবুল মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি শোকাভিভূত হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, আনজুমান আরা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী গ্রামের ওয়াপদা রোড এলাকার স্থায়ী বাসিন্দা এবং মরহুম আমিনুর রহমানের সহধর্মিণী ছিলেন।
জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।