সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ জন, আরো এক হজযাত্রীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ জন, আরো এক হজযাত্রীর মৃত্যু

এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে আরো একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন ৭ জন।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৩টার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি।

সৌদি আরবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।