সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে, নতুন তারিখ ২২ জুলাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০২:৩৫ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে, নতুন তারিখ ২২ জুলাই

নিউজ ডেস্ক, ঢাকা প্রস

 

ঢাকার আদালত আবারও পিছিয়ে দিয়েছেন বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২২ জুলাই নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।
 

এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৭ বার পিছিয়েছে, যা বিচারপ্রত্যাশীদের মধ্যে হতাশা তৈরি করেছে।
 

মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান।
 

আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক। অন্য আসামিরা বর্তমানে কারাগারে আছেন।
 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ১৪ বছর পার হলেও এখনো মামলার তদন্ত শেষ হয়নি।