রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ৫ নম্বর কূপ। পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলার শ্রীকাইলের মখলিসপুর এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কূপটি থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু হয়। কর্মকর্তারা জানান, নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন মোট প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের জ্বালানি খাত নানা ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক সংকটের সময় এর প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হয়। তাই সরকার দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে, যাতে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো দ্রুত অনুসন্ধান ও উৎপাদনের আওতায় আনা যায়।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে এবং সেই চাহিদা পূরণে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা-র চেয়ারম্যান মো. এরফানুল হক, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কূপ–৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ খননের কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে খনন সম্পন্ন হয়। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
তিনি আরও জানান, এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন এই কূপ দেশের জ্বালানি খাতে ইতিবাচক সংযোজন হিসেবে কাজ করবে এবং দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।