এইচএসসি পরীক্ষায় নকল নিয়ে শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০৪:১২ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
এইচএসসি পরীক্ষায় নকল নিয়ে শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

এখন আর প্রথাগত নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে এবং সেই কারণে পুরোনো ‘পরীক্ষা আইন’ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে।”

 

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

 

সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

উক্ত মতবিনিময় সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।