ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরলেন মুরাদনগরের ইউএনও

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরলেন মুরাদনগরের ইউএনও

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:


গুরুতর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর কর্মস্থলে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি পুনরায় দায়িত্বে যোগদান করেন।

 

 গত ৩ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি কর্মস্থলে ফেরেন।

 

 ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদানের খবরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ চিকিৎসা শেষে তার কাজে ফেরাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা তার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

 

 এ.বি.এম সারোয়ার রাব্বী চলতি বছরের ২৫ মার্চ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে মুরাদনগরের পাশাপাশি নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে গত ১৪ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

 দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন ইউএনও সারোয়ার রাব্বী। স্থানীয় অবৈধ মাটির ব্যবসা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনে তার সক্রিয়তা স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

 

 দীর্ঘ চিকিৎসা শেষে তার কর্মস্থলে ফিরে আসায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের প্রত্যাশা, শারীরিক সুস্থতা বজায় রেখে তিনি আগের মতোই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।