ছয় গোলে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের আশা বাংলাদেশের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৬ ০১:১৭ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
ছয় গোলে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের আশা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক


 

১২ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বের লড়াই শেষের দিকে। ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে ভারত ও ইরানের। অন্যদিকে আট দলের কোয়ার্টার ফাইনালের পাঁচটি জায়গা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
 

গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া, গ্রুপ ‘বি’ থেকে উত্তর কোরিয়া ও চীন এবং গ্রুপ ‘সি’ থেকে জাপান শেষ আটে জায়গা করে নিয়েছে। বাকি তিনটি টিকিটের জন্য চলছে তীব্র লড়াই। এর মধ্যে চায়নিজ তাইপের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সেরা দুই তৃতীয় স্থান অধিকারী দলের তালিকায় জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছে বাংলাদেশ।
 

এই পরিস্থিতিতে আজ উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমাদের অন্তত ৬-০ গোলে জয় পেতে হবে
 

গ্রুপ ‘বি’তে চীন ও উত্তর কোরিয়ার কাছে হেরে পিটার বাটলারের দলের পয়েন্ট এখনো শূন্য। দুটি ম্যাচে তাদের গোল পার্থক্য মাইনাস ৭। একই গ্রুপে উজবেকিস্তানেরও পয়েন্ট শূন্য হলেও তারা বাংলাদেশের চেয়ে এক গোল কম হজম করায় তাদের গোল পার্থক্য মাইনাস ৬, ফলে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
 

অন্যদিকে সেরা দুই তৃতীয় দলের তালিকায় রয়েছে ভিয়েতনাম ও ফিলিপাইন। দুই দলেরই পয়েন্ট ৩। গোল পার্থক্যে এগিয়ে আছে ভিয়েতনাম, আর ফিলিপাইনের গোল পার্থক্য মাইনাস ২। ফিলিপাইন তাদের গ্রুপের সব ম্যাচ ইতোমধ্যে শেষ করেছে।
 

এই অবস্থায় ফিলিপাইনকে টপকে যেতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানের বিপক্ষে অন্তত ৬-০ ব্যবধানে জয় পেতে হবে। তাতে বাংলাদেশের গোল পার্থক্য মাইনাস ৭ থেকে উন্নীত হয়ে মাইনাস ১ হবে, যা সেরা দুই তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি করবে।
 

এদিকে ভিয়েতনামের শেষ ম্যাচ আগামীকাল জাপানের বিপক্ষে। শক্তির বিচারে সেই ম্যাচে ফেভারিট জাপান। যদি ভিয়েতনাম এই ম্যাচে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট ৩-ই থাকবে এবং গোল পার্থক্যও নেতিবাচক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে।