ঢাকা প্রেস প্রতিবেদক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এর আগে গত সোমবার (২২ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।