ভিশন-৭১ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আতিকুর রহমান খানের নামে রামপুরাতে থাকা দুইটি ফ্ল্যাট ও জমি এবং গাজীপুরের কালিগঞ্জে থাকা ৯৫২ শতাংশ জমি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক তার স্ত্রী নাহিদা ইসলাম (নিপা) এর নামে বাড্ডার ৬ তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমিও ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমানের আবেদনে বলা হয়, তার দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ নামে ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করেন। ভিত্তিহীন ও মিথ্যা বিবৃতি/তথ্য প্রদান করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৩৫ লাখ ১ হাজার ১৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করেন। তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে বিশ্বস্থ সূত্রে জানা যায়, আতিকুর রহমান তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করছেন। সম্পত্তিসমূহ হস্তান্তর করলে মামলার ধারাবাহিকতায় আদালতে অভিযোগপত্র জমা, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করাসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তার স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করা প্রয়োজন।