২৩ হাজার ৮৬৫ হয়রানিমূলক মামলা প্রত্যাহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৬:১৩ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
২৩ হাজার ৮৬৫ হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এখনো যেসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে।

 

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

 

মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে সারাদেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

 

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ১১/০১/২০২৫ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফ্যাসিস্ট আমলে জামায়াতের নেতাকর্মীদের নামে কতটি মামলা হয়েছে সে সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ০৫ মার্চ, ২০২৬ তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আবেদনপত্র, এজাহার, চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে যদি মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে কমিটি প্রত্যাহারের সুপারিশ করবে।

 

এ ছাড়া জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাইয়ের জন্য ০৮ মার্চ, ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি।