কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৭ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার

তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

 

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
 

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি তিনি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে যুক্ত হন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সংবাদমাধ্যম সমকালকে বলেন, জুলাই আন্দোলন-সংক্রান্ত কোনো মামলা টুটুলের বিরুদ্ধে না থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
 

টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তাঁর পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তাঁর জাপান যাওয়ার কথা ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আ ফ ম আহসান উদ্দিন টুটুল।