মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা-গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০৭:০৭ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা-গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে হামলা ও গুলির ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত স্কুলছাত্র প্রেম (১২)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে অভিযান শুরু করে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদ এবং এলাকায় মাদক নির্মূলের দাবিতে বৃহস্পতিবার সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বাড়ি ফেরার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার দাবি, মানববন্ধন শেষে ফেরার পথে স্কুলছাত্র প্রেমসহ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারাই স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে।
 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।