মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৬:০৫ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:



জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

 

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ গবাদিপশুর জন্য মাঠে ঘাস কাটছিলেন মুসা ফকির। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

এ ঘটনায় উত্তর চরবওলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।