মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৩২ অপরাহ্ণ   |   ৮৩ বার পঠিত
মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মিজানুর রহমান খান, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জের বাংলা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা।
 

বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন. এ. মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোপ্রধান ও আরটিভির প্রতিনিধি আবুল খায়ের, মরহুমের ছেলে ও ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক নিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নোমানুল হক দিপু, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুন্সী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম আরিফ, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, এনটিভির ডিজিটাল প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান টিটু, এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাঙ্গরা প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ নজরুল ও সাংবাদিক মিজান খানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
 

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, শিক্ষকতা পেশায় আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টা এবং সাংবাদিকতায় নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না, সমাজের প্রতি দায়বদ্ধ একজন সচেতন মানুষ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 

তাঁরা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান, পেশাগত সততা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারণে শহিদুল হক সাংবাদিক সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস। তাঁর দেখানো পথে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে কাজ করতে হবে।
 

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল ইসলাম।