মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির মধ্যে দেশে অকটেন ও পেট্রল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রির তুলনায় সরবরাহ ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে।
বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে বিপিসি নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায় দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রি থেকে আগে যে ২৫ শতাংশ হ্রাসের কথা বলা হয়েছিল, তা সংশোধন করে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে।
এছাড়া হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, এ ব্যবস্থার মাধ্যমে সংকটের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।