মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ উপজেলা-র ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে একটি এসএমজি, কয়েক রাউন্ড বুলেট ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ ঝিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী একটি কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে একটি এসএমজি, কয়েক রাউন্ড বুলেট এবং একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচারের উদ্দেশ্যে এগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্র ও মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।