তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক: শ্রমবাজার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুন ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ   |   ৩৯ বার পঠিত
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক: শ্রমবাজার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার পারদানা পুত্রা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে শ্রম, বাণিজ্য, বিনিয়োগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়।
 

আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ এবং ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে অধিক প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
 

এ ছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের আবেদন, আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পায়।
 

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি সহযোগিতা দলিল এবং বিনিয়োগ বিষয়ক একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল বিনিময় করেন।
 

পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।