ব্রাজিলের জার্সিতে ফিরেই রেকর্ড নেইমারের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
ব্রাজিলের জার্সিতে ফিরেই রেকর্ড নেইমারের

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকা আজ ৭৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো নেইমারের এই ফেরা কেবল একটি ম্যাচ খেলা নয়, বরং এটি তার ক্যারিয়ারের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকছে।

 

দিনের হিসাবে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে এলেন নেইমার। ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠে আসেন আগের ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার। ব্রাজিলের হয়ে ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষ খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে হাঁটুর ইনজুরি দীর্ঘ সময়ের জন্য ছিটকে দেয় তাকে।

 

আজকের এই ম্যাচটি নেইমারের জন্য একটি মাইলফলক। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ‘১০ নম্বর’ জার্সি পরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে কিংবদন্তি পেলে ও রিভালদোর পাশে নিজের নাম লিখিয়ে ফেললেন। এই তালিকার শীর্ষে থাকা পেলে ও রিভালদো ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে ১৪টি করে ম্যাচ খেলেছিলেন। নেইমারের ঝুলিতে এখন জমা হলো ১৪তম ম্যাচ।

 

বিশ্বকাপের এই আসরেই নেইমার আরও একটি অনন্য রেকর্ডের খুব কাছে রয়েছেন। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে এই তালিকায় ১০৫টি ম্যাচ নিয়ে শীর্ষে রয়েছেন সম্রাট পেলে। আজকের পর সেলেসাওদের হয়ে এই বিখ্যাত জার্সিতে শততম ম্যাচ পূর্ণ করতে নেইমারের প্রয়োজন আর মাত্র দুটি ম্যাচ।

 

যদিও নেইমারকে আজকের ম্যাচে শুরু থেকে একাদশে দেখা যায়নি, তবে কোচ কার্লো আনচেলত্তি আগেই নিশ্চিত করেছিলেন, নেইমার এখন সম্পূর্ণ ফিট এবং পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ৭৫ মিনিটে তার মাঠে প্রবেশ তাই সমর্থকদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। নকআউট পর্বের আগে নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিলকে নিঃসন্দেহে আরও শক্তিশালী করবে।