জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটির লিটার কত?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জুন ২০২৬ ০১:২৩ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটির লিটার কত?

ভোক্তাপর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকেই বাজারে পেট্রোল, অকটেন ও কেরোসিন বাড়তি মূল্যে বিক্রি হবে। তবে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের কথা বিবেচনা করে ডিজেলের দাম আগের মতোই রাখা হয়েছে।

 

এর আগে গতকাল রোববার (৩১ মে) জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে মূল্য বৃদ্ধির এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 

 

নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রোল, অকটেন ও কেরোসিনের পেছনে গ্রাহকদের আগের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হবে। তবে ডিজেল আগের দামে পাওয়ায় পরিবহন খাতে বড় প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।

 

নতুন মূল্যতালিকা অনুযায়ী এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় কিনতে হবে ক্রেতাদের। এছাড়া নিম্নবিত্তের অন্যতম জ্বালানি কেরোসিনের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা। তবে অপরিবর্তিত থাকা ডিজেল আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের নিয়মিত ওঠানামার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারের সাথে দেশের বাজারের দামের সামঞ্জস্য বজায় রাখতেই মূলত এই নতুন মূল্য নির্ধারণ বা সমন্বয় করল সরকার।