শনিবার (২১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ববি বলেন, মির্জা আবুল বাশারকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। কোথাও তাকে ‘কথিত স্ত্রী’ আবার কোথাও সরাসরি ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার কোনো সত্যতা নেই।
অভিনেত্রী দাবি করেন, ভিউ বাড়ানো এবং তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের মূলধারার গণমাধ্যম ও দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ববি আরও বলেন, “আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে যেসব গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি যদি কখনো বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হই, তাহলে সেটি আমি নিজেই সবাইকে জানাব।”
এর আগে শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, চাকরির প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা চালালেও তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে নির্মিত একটি সুড়ঙ্গসদৃশ গোপন কক্ষে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১৮ ঘণ্টাব্যাপী অভিযানের পর শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।