রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
★দীর্ঘ বিরতির পর সহপাঠীদের পুনর্মিলন স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ সমাজমুখী কর্মপরিকল্পনার আলোচনা.....
রমজানের আবহে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে আবারও একত্রিত হলেন মুরাদনগরের এসএসসি ’৯৮ ব্যাচের সহপাঠীরা। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এ মিলনমেলা পরিণত হয় স্মৃতিচারণ, সম্প্রীতি ও ভবিষ্যৎ সামাজিক উদ্যোগের সম্ভাবনাময় এক প্ল্যাটফর্মে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার সংলগ্ন নবীনগর সড়কের পাশে ফুড টাউন রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের উদ্যোগ নেন, কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সহপাঠীরা জানান, দীর্ঘদিন পর সরাসরি দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের আগে ও পরে চলে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত অগ্রগতির গল্প।
অনুসন্ধানে জানা যায়, এই ব্যাচের অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত। তাদের মতে, এ ধরনের আয়োজন পারস্পরিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন মিলনমেলা সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং মানবিক মূল্যবোধ চর্চায় সহায়ক হয়। অনেকেই ভবিষ্যতে ব্যাচের পক্ষ থেকে অসহায় মানুষের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ ইলিয়াস সুমন, কাজী শরীফ, মোঃ জাকির হোসেন, পলাশ, কাজী সাইফুল হাসান, মোঃ আশিক, মোঃ তারেক আহমেদ সুমন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ সারোয়ার আলম সোহেল, মোঃ মামুন রশিদ, মোঃ ফারুক আহমেদ, দুলাল আহমেদ, গোপাল চন্দ্র সূত্রধর, আমিনুল ইসলাম রিপনসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।