নওগাঁ প্রতিনিধি:
‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিক ব্যবহার করে বয়স্ক নারীদের সম্মোহিত করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ। নওগাঁ থানায় দায়ের হওয়া একাধিক মামলার তদন্তের সূত্র ধরে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ একটি প্রতারক চক্র বয়স্ক নারীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। চক্রের সদস্যরা ‘শয়তানের নিঃশ্বাস’ বা স্কোপোলামিন নামে পরিচিত একটি রাসায়নিক ব্যবহার করে ভুক্তভোগীদের সাময়িকভাবে বিভ্রান্ত ও নিয়ন্ত্রণে নিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রতারকরা প্রথমে সাহায্যপ্রার্থী সেজে টার্গেট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। পরে চক্রের আরও কয়েকজন সদস্য কথোপকথনের মাধ্যমে পরিস্থিতি তৈরি করে কৌশলে ওই রাসায়নিক প্রয়োগ করত। এর ফলে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে স্মৃতিভ্রংশ বা সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হারিয়ে ফেলতেন। সেই সুযোগে প্রতারকরা তাদের কাছ থেকে অলংকার, টাকা-পয়সা এমনকি বাসার আলমারিতে থাকা মূল্যবান সামগ্রীও নিয়ে নিত।
পুলিশ সুপার আরও জানান, এ ধরনের ঘটনায় নওগাঁ থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর তদন্তে ডিবি পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে জানা যায়, চক্রটির সদস্যরা টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তাদের চক্রের মূল কার্যক্রম পরিচালিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। চক্রটির ৮ থেকে ১০টি সক্রিয় গ্রুপ রয়েছে এবং তারা দেশের বিভিন্ন অঞ্চলে একই কৌশলে প্রতারণা করে থাকে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ ও খুলনাসহ বিভিন্ন জেলার অন্তত ১০টি ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা দমনে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি বয়স্ক নারীসহ সাধারণ জনগণকে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।