সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি আরও সাত কর্মকর্তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৬ ০৫:০৬ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, বদলি আরও সাত কর্মকর্তা

ঢাকা প্রেস ডেস্ক:

 

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এসপি ও সমমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
 

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।
 

খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খীন মুহাম্মদ আবু নাসের। ফেনীর নতুন পুলিশ সুপার হয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গাইবান্ধার দায়িত্ব পেয়েছেন ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যদিকে, নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।
 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুনামগঞ্জের বিদায়ী পুলিশ সুপার আবু বাসর মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। নওগাঁর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পদায়ন করা হয়েছে।
 

এ ছাড়া খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
 

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুলিশের প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।