২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে যৌথভাবে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে প্রস্তাবিত রুটিন অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
প্রকাশিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ১১ ফেব্রুয়ারির মধ্যে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার প্রথম দিন ৬ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এইচএসসি পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষাগুলো ১৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা তাদের রয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষা এগিয়ে আনার ফলে শিক্ষার্থীদের সেশনজট কমবে। বিভিন্ন অংশীজনের সঙ্গে কয়েক দফা আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।