বিনোদন প্রতিবেদক-ঢাকা প্রেস:
ফারজানা সুমি অভিনীত নতুন সিনেমা ‘আতরবিবিলেন’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত এ সিনেমার টিজার প্রকাশিত হয়, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে।
ফার্স্টলুক প্রকাশ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)। তিনি বলেন, নতুন নির্মাণ ও ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ হলে দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ‘আতরবিবিলেন’ সিনেমার জন্য তিনি শুভকামনা জানান।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আতরবিবি চরিত্রে অভিনয় করা আমার জন্য সহজ ছিল না। চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। প্রায় এক বছর আগে রমজান মাসে অনেক পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি উপভোগ করলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে।’
সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। খল চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে শাওন হাসান ও আসিফ বাবুকে।
‘আতরবিবিলেন’ সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন রাইসুল রনি। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু এবং আর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ আহমেদ।