ঈদে পাঁচ কয়েদির সাজা মওকুফ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ণ   |   ১৯ বার পঠিত
ঈদে পাঁচ কয়েদির সাজা মওকুফ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্থদণ্ডের বেশি সাজাভোগরত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।

 

তারা হলেন- চাঁদপুর জেলা কারাগারের কয়েদি আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), কয়েদি মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. আব্দুল করিমের (৫৬) অবশিষ্ট সাজা শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে। এতে আরও বলা হয়, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

উল্লেখ্য, ঈদ উপলক্ষে কয়েদিদের মুক্তি দেওয়ার বিষয়টি প্রধানত মানবিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত। মূলত সমাজ ও পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার সুযোগ দিতে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ হিসেবে বিশেষ উৎসবে এই সাজা মওকুফ বা ক্ষমা প্রদর্শন করা হয়।