পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিন নারী সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া বাজার সংলগ্ন মরা কাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন দুলালী খাতুন (২৩), তার ছোট বোন সুরভী খাতুন (১৩) এবং ভাবী সুমাইয়া আক্তার (১৯)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিনজন বাড়ির পাশের মরা কাল নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধার করে, তবে তখন তারা মৃত ছিলেন।
 

নিহতদের দাদা আতাউর রহমান জানান, মাত্র সাত দিন আগে দুলালী খাতুনের স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। জীবনের নতুন অধ্যায় শুরু করতে শুক্রবার ছোট বোন সুরভীকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। এ জন্য বাসের টিকিটও কাটা হয়েছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

তিনি আরও জানান, তাদের ধারণা তিনজন হয়তো নদীতে শাপলা ফুল তুলতে নেমেছিলেন। একজন বিপদে পড়লে অন্যরা তাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
 

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে গ্রামবাসীরা নদীতে নেমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নদীর পাড়ে তাদের কিছু কাপড় পাওয়া গেছে। তবে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
 

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম সোহাগ বলেন, একই পরিবারের তিন সদস্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কুমার জানান, তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসন পরিবারটির পাশে রয়েছে।