সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দুই ঘণ্টার কলম বিরতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জুন ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ   |   ২৪১ বার পঠিত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দুই ঘণ্টার কলম বিরতি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা অবস্থান নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে।
 

গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সামনে এক বিক্ষোভ ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সংগঠনের কো-চেয়ারম্যান বদিউল কবীর জানান, সোমবার নির্ধারিত সময় অনুযায়ী কর্মবিরতি পালনের পাশাপাশি তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে আলোচনা সভা করবেন এবং সেখানেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন।
 

প্রসঙ্গত, গত ২২ মে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে ২৪ মে থেকে আন্দোলনে নামে সচিবালয়ের কর্মচারীরা। তবে কর্মীদের প্রতিবাদের মাঝেই ২৫ মে রাতে সরকার অধ্যাদেশটি জারি করে। ঈদুল আজহার ছুটির পর অফিস খোলার একদিন পর থেকেই আন্দোলনকারীরা সচিবালয়ের ভেতরে আবারও বিক্ষোভ শুরু করেন।