মুরাদনগরে মাদক কারবারি আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ   |   ১৫৫ বার পঠিত
মুরাদনগরে মাদক কারবারি আটক, জনতার হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় এক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. সুজন (২২) মেটংঘর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেটংঘর গ্রামকে মাদকমুক্ত করতে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় যুবসমাজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মোমিন সুপার মার্কেটের সামনে সুজন মাদক বিক্রির চেষ্টা করলে স্থানীয় যুবকেরা তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এদিকে, বুধবার (১ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ১১ পিস ইয়াবাসহ মো. কাইছার মিয়া (২৮) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।