ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬ ০২:৪৭ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ঢাকা প্রেস  প্রতিবেদক

 

ঢাকা, ২৩ জুন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। জনগণ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে ফ্যাসিবাদী অপতৎপরতার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
 

রিজভী বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো প্রচেষ্টা রুখে দিতেই বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তিনি অভিযোগ করেন, যারা অতীতে জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ কেড়ে নিয়েছিল, তারা এখন বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
 

তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।
 

বিএনপির এই নেতা বলেন, অতীতে বিএনপিকে দমন করতে ব্যাপক নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটানো হলেও দলটি গণতন্ত্রের আন্দোলন থেকে সরে আসেনি। তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার ঘটনা ঘটেনি।
 

দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, উন্নয়ন, সমৃদ্ধি, বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তবে জনগণের ঐক্যের কারণে সেই অপচেষ্টা সফল হবে না।
 

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে। স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।
 

রিজভী আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে। ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত ও অশুভ তৎপরতা প্রতিহত করতে গণতন্ত্রকামী সব শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
 

সমাবেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।