কোনো অপরাধী যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে: জাহাঙ্গীর আলম চৌধুরী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ   |   ১৩৫ বার পঠিত
কোনো অপরাধী যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে: জাহাঙ্গীর আলম চৌধুরী

বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে— সে বিষয়ে কঠোর সতর্কতা বজায় রাখতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ নির্দেশনা দেন।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে ব্যবস্থা নিতে হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে কোনো ধরনের অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত পথে পালাতে না পারে— সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

 

দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।

 

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।