নিউজ ডেস্ক, ঢাকা প্রেস
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন এবং প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শিশির মুন্নাকে আটক করে।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও নির্মাণ, অনলাইন প্রচার-প্রচারণা এবং বিভিন্ন প্রমোশনাল কর্মকাণ্ডে অংশ নিতেন।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা চালাতেন তিনি। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে তদন্তে উঠে এসেছে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শিশির মুন্নার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।