কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মানববন্ধন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার রাতে তিনি ইথানের কাঁটাবিল এলাকার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি আহত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে একজন নিরপরাধ স্কুলছাত্রের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি ইথানের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইথানের বাবা বলেন, “আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অনেক মানুষ তার খোঁজখবর নিচ্ছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন। ঘটনাটি দিনের আলোতেই ঘটেছে। পুলিশ অভিযুক্তদের পরিচয় জানতে পেরেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ সময় স্কুলের টিফিন বিরতিতে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেম।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে ইথানের বাবা কোতোয়ালি মডেল থানায় কথিত মাদক কারবারি সাব্বির ও অপুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও চিকিৎসকরা এখনও ইথানের শরীর থেকে গুলি বের করতে সক্ষম হননি।