চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন’। সংগঠনটির এ মানবিক উদ্যোগে নতুন করে ঘর মেরামতের স্বপ্ন দেখছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা ও পেশায় রিকশাচালক অপু বিশ্বাসের হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, সম্প্রতি বন্যায় অপু বিশ্বাসের বসতঘরটি ভেঙে যায়। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে ঘরটি মেরামত করতে পারছিলেন না তিনি। বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সামাজিক সংগঠন মানবতার বন্ধন। সংগঠনটির পক্ষ থেকে ঢেউটিন সহায়তা পেয়ে ঘর মেরামতের আশায় নতুন করে স্বপ্ন দেখছেন অপু বিশ্বাস।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য ও ব্যাংকার মঞ্জুরুল আলম এবং আবদুল বারেক প্রমুখ।
এ সময় সাংবাদিক আবদুল হাকিম রানা বলেন, মানবতার বন্ধনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় পরিবারগুলো নতুন করে বেঁচে থাকার সাহস পাবে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করবে।
মানবতার বন্ধনের নেতৃবৃন্দ বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।