কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ অক্টোবর ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

 

 

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

শনাক্ত হওয়া নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিজ তেহামী জেরিফ (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

 

নিহত নাফিজ তেহামী জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত ছিলেন।

 

নিহতদের স্বজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার তাঁদের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন তাঁর কাজিন এবং অপরজন পাঁচ বছর বয়সী ভাগনি। এ ঘটনায় তাঁর মামা মাসুদ ও মামি মেহেরুন্নেসা আহত হয়েছেন। তাঁরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল আহাদ সরকার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান তিনি। পরে আরও একজনের মৃত্যুর খবর পান। স্বজনদের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি ও তাঁর পরিবার গভীর শোকের মধ্যে রয়েছেন।

 

এদিকে, কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

 

এক শোকবার্তায় উপাচার্য নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ মর্মান্তিক ঘটনায় প্রাণহানির জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

 

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।