গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে: সড়কমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ   |   ২৬২ বার পঠিত
গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে: সড়কমন্ত্রী

শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে।

দাম বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।

অটোরিকশার প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে।