জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘স্ট্যান্টবাজি’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘স্ট্যান্টবাজি’

জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুর কথা উল্লেখ করে জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

 

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা একটি প্রচলিত প্রক্রিয়া। তবে দায়িত্ব পালনের চার মাস পর রাজনৈতিক বক্তব্য দিয়ে পদত্যাগ করা অপ্রত্যাশিত।

 

তিনি বলেন, পদত্যাগকারী কর্মকর্তারা সরকারের অধীনে দায়িত্ব পালন করেছেন, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন এবং পদ-পদবিও ব্যবহার করেছেন। এরপর হঠাৎ রাজনৈতিক বিষয় সামনে এনে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াকে তিনি ‘টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেন।

 

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আরও বলেন, গত চার মাসে তারা সরকারের স্বার্থে কাজ করেছেন নাকি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্যাবোটাজে জড়িত ছিলেন, সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় অনুসন্ধানের আহ্বান জানান তিনি।

 

তার ভাষ্য, সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা গ্রহণের পর সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়া প্রশ্নের জন্ম দেয়। পদত্যাগকারী আইন কর্মকর্তাদের অভিযোগকে তিনি ভিত্তিহীন, রাজনৈতিকভাবে প্রভাবিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন।