বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত, কমছে দাম কেন?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৬ ০৩:২১ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত, কমছে দাম কেন?

অনলাইন ডেস্ক

 

একসময় নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে এখন চলছে দরপতন। ২০২৫ সালে রেকর্ডের পর রেকর্ড গড়লেও চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। গত জানুয়ারিতে সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এতে স্বর্ণে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
 

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপারের মতে, বছরের শুরুতে কয়েকটি অনুকূল পরিস্থিতি একসঙ্গে কাজ করায় স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে ভিন্ন কিছু অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি একসঙ্গে প্রভাব ফেলায় দাম কমছে।
 

গত ২৮ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। এরপর থেকেই শুরু হয় দরপতন। গত বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রোববার তা আরও কমে দাঁড়ায় ৩ হাজার ৫৩৬ দশমিক ৬২ ডলারে।
 

আগে কেন বাড়ছিল স্বর্ণের দাম?

২০২২ সাল থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে শুরু করে। গয়না তৈরির পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার প্রবণতা বাড়ায় বাজারে এর চাহিদা শক্তিশালী হয়।
 

পরবর্তী সময়ে স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকেও বিনিয়োগ বাড়তে থাকে। ইটিএফ এমন একটি বিনিয়োগ তহবিল, যার মাধ্যমে একাধিক বিনিয়োগকারী সম্মিলিতভাবে স্বর্ণের মালিকানায় অংশ নিতে পারেন।
 

২০২৫ সালে এসব তহবিলে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বৃদ্ধি পায়। এতে বাজারে স্বর্ণের সরবরাহের ওপর চাপ তৈরি হয় এবং দাম আরও বেড়ে যায়।
 

এ ছাড়া ওই সময়ে মার্কিন ডলারের দুর্বল অবস্থান, বন্ডের কম সুদহার এবং বিশ্ব অর্থনীতিতে ঋণসংক্রান্ত অনিশ্চয়তা স্বর্ণের চাহিদা বাড়িয়ে দেয়। বিনিয়োগকারীদের একটি বড় অংশ ডলার বা বন্ডের পরিবর্তে স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নেন। এসব কারণ মিলেই চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
 

এখন কেন কমছে স্বর্ণের দাম?

স্বর্ণের বাজারে মূলত দুটি ভূমিকা রয়েছে। একদিকে এটি গয়না ও শিল্পকারখানায় ব্যবহৃত একটি মূল্যবান ধাতু, অন্যদিকে বিনিয়োগকারীদের কাছে ডলার ও বন্ডের বিকল্প নিরাপদ সম্পদ। তবে বর্তমানে স্বর্ণের দ্বিতীয় ভূমিকাটি বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
 

স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারের ব্যাখ্যা অনুযায়ী, জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকেই স্বর্ণের বাজারে দরপতনের আশঙ্কা তৈরি হয়। ফলে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কেনার বিষয়ে সতর্ক হয়ে পড়েন।
 

একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আলোচনা শুরু হয়। পাশাপাশি ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে নগদ অর্থের চাহিদা ও তারল্যসংকটের চাপ তৈরি হয়। এ পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী দ্রুত নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ বিক্রি করতে শুরু করেন।
 

সুকি কুপারের মতে, স্বর্ণ সহজে নগদ অর্থে রূপান্তর করা যায়। ফলে আর্থিক বাজারে চাপ তৈরি হলে বিনিয়োগকারীরা অনেক সময় প্রথমেই স্বর্ণ বিক্রি করে দেন। এতে বাজারে বিক্রির চাপ বাড়ে এবং স্বাভাবিকভাবেই দাম কমতে থাকে।
 

সুদের হার ও ডলারের প্রভাব

স্বর্ণের দাম ওঠানামার ক্ষেত্রে সুদের হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ স্বর্ণ ধরে রাখলে বিনিয়োগকারীরা কোনো নির্দিষ্ট সুদ বা নিয়মিত আয় পান না। অন্যদিকে বন্ড, সঞ্চয়পত্র কিংবা মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করলে সুদ বা মুনাফা পাওয়া যায়।
 

সাধারণত সুদের হার কম থাকলে বন্ড বা সঞ্চয়ভিত্তিক বিনিয়োগ থেকে আয় কমে যায়। তখন বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু সুদের হার বাড়লে বন্ড ও অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগে বেশি আয়ের সুযোগ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে এসব খাতে অর্থ স্থানান্তর করেন।
 

যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, শেয়ার, বন্ড ও প্রচলিত বিনিয়োগের সমন্বিত পোর্টফোলিও এখন বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে অনেকেই স্বর্ণ ধরে রাখার পরিবর্তে বিকল্প বিনিয়োগের দিকে ঝুঁকছেন।
 

এর পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলারও স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মূলত ডলারে নির্ধারিত হয়। ফলে ডলারের মূল্য বেড়ে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয় এবং স্বর্ণের দামের ওপর চাপ বাড়ে।
 

সব মিলিয়ে সুদের হার বাড়ার প্রত্যাশা, ডলারের শক্তিশালী অবস্থান, বিনিয়োগকারীদের স্বর্ণ বিক্রির প্রবণতা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন—এসব কারণ একসঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনকে দীর্ঘায়িত করছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের বাজারেও এখন অনিশ্চয়তা বাড়ছে।