তৃষার এক পোস্টে থামল জল্পনা, আবারও আলোচনায় বিজয়-তৃষার সম্পর্ক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
তৃষার এক পোস্টে থামল জল্পনা, আবারও আলোচনায় বিজয়-তৃষার সম্পর্ক

বিনোদন ডেস্ক

 

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়-এর ৫২তম জন্মদিন ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর একটি পোস্টে। জন্মদিনের দিন নীরব থাকার পর একদিন পর বিজয়কে নিয়ে তৃষার দেওয়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিলেও থেমে যায় সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনের বড় একটি অংশ।
 

গত ২২ জুন জন্মদিন উদযাপন করেন বিজয়। এ উপলক্ষে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য ব্যক্তি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানালেও তৃষার কোনো বার্তা না আসায় ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। কেউ কেউ তাদের সম্পর্কের সমীকরণে পরিবর্তনের ইঙ্গিতও খুঁজতে থাকেন।
 

তবে মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন তৃষা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এটা সেই ব্যক্তির জন্য, যিনি সবকিছু সার্থক করে তোলেন।” পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে এবং দিনভর চলা জল্পনা অনেকটাই স্তিমিত হয়ে যায়।
 

বিজয় ও তৃষার বন্ধুত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। কয়েক মাস আগে চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। পরে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ও উপস্থিত ছিলেন তৃষা। ওই অনুষ্ঠানের একটি ভিডিওতে অভিনেত্রীকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
 

এর আগে ২০২৩ সালে Leo সিনেমা মুক্তির আগে এক সাক্ষাৎকারে বিজয়ের প্রশংসা করে তৃষা বলেছিলেন, কৈশোরে প্রথমবার তার সঙ্গে পরিচয় হয়েছিল এবং দুই দশকেরও বেশি সময়ের বন্ধুত্বের কারণে আবার একসঙ্গে কাজ করা তার কাছে ‘নিজের ঘরে ফিরে আসার মতো’ অনুভূতি।
 

এদিকে চলতি বছরের শুরুতে বিজয়ের ব্যক্তিগত জীবনও আলোচনায় আসে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের পর তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এরপর থেকেই তৃষার সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তৃষা—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
 

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত Ghilli সিনেমার মাধ্যমে বিজয়-তৃষা জুটি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর তারা একসঙ্গে অভিনয় করেন ‘তিরুপাচি’, ‘আধি’, ‘কুরুভি’ এবং ‘লিও’-এর মতো একাধিক সফল চলচ্চিত্রে। প্রায় ১৫ বছর পর ২০২৩ সালে ‘লিও’র মাধ্যমে আবারও বড় পর্দায় এক হন এই জনপ্রিয় জুটি, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

সূত্র: ফার্স্টপোস্ট