ভাটারায় বোনের বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ভাটারায় বোনের বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানীর ভাটারার সাঈদ নগর এলাকার একটি বাসা থেকে রাবেয়া সুলতানা ওরফে রিয়া মনি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, অসুস্থ বোনের সেবা-শুশ্রূষা করতে ফেনী থেকে ঢাকায় এসেছিল রিয়া মনি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সোলাইমান হক জানান, রিয়া মনির বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর নিলখী গ্রামে। তার বাবার নাম দাউদুল হক পাটোয়ারী। সে রাজধানীর ভাটারার সাঈদ নগরের মতিউর রহমান মোড় এলাকার বি-ব্লকে তার বোনের বাসায় অবস্থান করছিল।
 

শনিবার ওই বাসার নিচতলার বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
 

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।