আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
সরকার কওমী মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। তিনি বলেন, কওমী শিক্ষার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শুক্রবার দুপুরে পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনামুল হক বলেন, বর্তমান সরকার কওমী শিক্ষাকে আরও যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষা সম্প্রসারণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পটিয়ায় একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধনের পাশাপাশি কওমী শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি সামশুল আলম, সালমা গ্রুপের চেয়ারম্যান শামশুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল আবছার, মোহাম্মদ আলী, বদিউল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইমতিয়াজ হোসেন বেলাল, আবু তাহের সওদাগর, শফিকুল আলম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদ, মাওলানা লুৎফুর রহমান, মুফতি এমদাদ উল্লাহ, কারী মো. লোকমান, মুফতি শোয়াইব, বিএনপি নেতা মনজুর আলম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।