বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ০২:২২ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস



বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল।

 

শনিবার বার কাউন্সিলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
 

এদিকে ফল প্রকাশের পর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান জাইমা রহমান। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশ নেন। শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

বার কাউন্সিল সূত্র জানায়, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে পরীক্ষার্থীদের তিন ধাপের— এমসিকিউ, লিখিত ও মৌখিক— পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন প্রার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এ সংক্রান্ত পরীক্ষা পরিচালনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে থাকে।