ত্রিদেশীয় সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের ওয়ানডে দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বাদ পড়ার তালিকায় রয়েছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
ওয়ানডে দলে নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এই তিন ক্রিকেটার। শনিবার পর্যন্ত বিসিবির পক্ষ থেকে তাঁদের কাউকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করা পারভেজ হোসেন ইমনকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মিডলঅর্ডারে সুযোগ পেতে পারেন ইয়াসির আলী রাব্বিও। বর্তমানে কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে খেলছেন পারভেজ ও ইয়াসির।
এ ছাড়া টেস্ট দল থেকে জাকের আলীকে ওয়ানডে স্কোয়াডে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তবে ব্যাটিংয়ে ছন্দ হারানোয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সম্প্রতি টেস্ট দলে বিকল্প হিসেবে জায়গা করে নেওয়া জাকের দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকায় প্রস্তুতির সুযোগও পেয়েছেন।
এদিকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় সাব্বির রহমান ও ইরফান শুক্কুরকেও বিবেচনায় রাখা হচ্ছে। তাঁদের জাতীয় দলের পুলে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিয়মিত খেলছেন তাঁরা। সাব্বির সর্বশেষ ২০১৯ সালে ওয়ানডে খেললেও ইরফান এখন পর্যন্ত জাতীয় দলের পুলে জায়গা পাননি।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেওয়া সাইফ হাসানদের মধ্য থেকেও কয়েকজন দক্ষিণ আফ্রিকা সফরের দলে যোগ দিতে পারেন। পারভেজ ইমন, ইয়াসির আলী ও সাইফ হাসানের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনকেও ওয়ানডে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা থেকে দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুবাই থেকে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে দলের বাকি ক্রিকেটাররা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।
তবে কনুইয়ের চোটের কারণে পেসার হাসান মাহমুদ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বোলিং বিভাগে কিছুটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ওয়ানডে সিরিজের জন্য আপাতত চারজন পেসার রাখার পরিকল্পনা রয়েছে। পাঁচজন পেসার নেওয়া হলে খালেদ আহমেদ ও এবাদত হোসেনের মধ্য থেকে একজনকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি দল গঠনের পরিকল্পনা করছে বিসিবি। এ লক্ষ্যেই অভিজ্ঞদের পাশাপাশি সম্ভাবনাময় ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দিতে চান ক্রিকেটের নীতিনির্ধারকেরা।
সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে সিরিজে অংশ নিতে আগামী ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তানভীর ইসলামদের। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি।