গাজীপুরে ডিবিএল পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ণ   |   ৫৮ বার পঠিত
গাজীপুরে ডিবিএল পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের কাশিমপুরে ডিবিএল নামের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শৈলডুবি এলাকায় অবস্থিত কারখানাটির গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কালিয়াকৈর, জয়দেবপুর, কোনাবাড়ী ও ইপিজেড ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক সাইদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 

তিনি আরও জানান, গোডাউনে বিপুল পরিমাণ সুতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
 

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।