ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কলেজছাত্র গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০১:১৫ অপরাহ্ণ   |   ১৩১ বার পঠিত
ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কলেজছাত্র গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক নেতার দায়ের করা মামলার ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাকিল আহমেদ নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ছবি তৈরি করে পোস্ট করেন, যেখানে তিনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য সংযুক্ত করেন। পোস্টটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্তের প্রোফাইল পর্যালোচনায় পোস্টটির সত্যতা পাওয়া গেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।