সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জন আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মার্চ ২০২৬ ০৩:২৭ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জন আটক

মো. মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:


কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ ২০২৬) মধ্যরাত ১২টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিজি জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর ফুলছড়ি এলাকায়। আটকরা হলেন—নজরুল ইসলাম (৩০), আব্দুল আজিজ (৩০), শফিকুর রহমান (২১), জাহেদুল ইসলাম (২৭), মো. এরশাদ (৩১), মো. নুরুল আলম (৩৪), মো. নুরুল হক (২০), মো. হারুন অর রশিদ (২৮), মো. নাসির উদ্দীন (৪০) ও মো. এহসান (৩২)।

 

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।